প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী ‘অনেক বড় অকৃতজ্ঞ দল’। সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, “জামায়াত-শিবির মানুষকে মূল্যায়ন করতে পারে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারণেই তারা বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। অথচ আজ সেই দলটিই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছে। কিছু পোষ্য প্রাণী দিয়ে গালিগালাজ করানো অত্যন্ত ন্যক্কারজনক।”
তিনি আরও বলেন, জামায়াতের একজন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সম্প্রতি এক বক্তব্যে দাবি করেছেন, ‘জুলাইয়ের মাস্টারমাইন্ড জামায়াত-শিবির।’ এ প্রসঙ্গে রাশেদ খাঁনের ভাষ্য, “বছরের পর বছর তাদের মগবাজার কার্যালয়ে তালা ঝুলে ছিল, তখন সেটি খুলতে একজন মাস্টারমাইন্ডও দেখা যায়নি। এখন তারা জুলাইয়ের মাস্টারমাইন্ড হওয়ার দাবি করছে।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “প্রকৃত মাস্টারমাইন্ড হচ্ছেন সেইসব শহীদ, যারা আন্দোলনে জীবন দিয়েছেন। এখন জামায়াত-শিবির নিজেদের আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দাবি করে শহীদদের আত্মত্যাগ ও মর্যাদাকে খাটো করার চেষ্টা করছে।”
অনুষ্ঠানে ‘রক্তঝরা জুলাইয়ে নার্সদের অবদান’ তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
0 মন্তব্য