দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। গত জুন মাসের তুলনায় তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত তিন মাসে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে। তবে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সেপ্টেম্বর শেষে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকা। জুনের তুলনায় এ সময়ে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমেছে ২ হাজার ৭৫২ কোটি টাকা।
অন্যদিকে, একই সময়ে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ৭৬৯ কোটি টাকা। ফলে সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ কমলেও বেসরকারি ব্যাংকে বড় অঙ্কের ঋণ বেড়ে যাওয়ায় সামগ্রিকভাবে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ঊর্ধ্বমুখী রয়েছে।
সেপ্টেম্বর শেষে দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাওয়ায় ব্যাংক খাতের ঋণ আদায়, আর্থিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
0 মন্তব্য