ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুই দিন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর ছিল আবেদনের শেষ দিন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সময় বাড়ানো হলে শিক্ষার্থীরা ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে আবেদনের সময় বাড়ানোর সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্তই আবেদনের সুযোগ বহাল রয়েছে বলে জানা গেছে।
0 মন্তব্য