হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নে ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মো. সাব উদ্দিন মেস্তরী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাব উদ্দিন মেস্তরী শিবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আন্দবাড়ি বিলের উত্তর পাড় এলাকার বাসিন্দা। অভিযুক্ত ছেলের নাম এফিন মিয়া। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এফিন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পারিবারিকভাবে বিভিন্ন সময় অশান্তি সৃষ্টি করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনার দিন মাদক সেবন ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সাব উদ্দিন ও তার ছেলে এফিন মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে এফিন মিয়া ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে বাবার ওপর হামলা চালান। এতে সাব উদ্দিন গুরুতর আহত হন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত এফিন মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
0 মন্তব্য