সাহেব আলী, হবিগঞ্জ সদর
হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি ও প্রতারণার অভিযোগে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগের আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দালাল চক্র হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের হয়রানি করে আসছিল। সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা পাওয়া যাবে না—এমন ভয় দেখিয়ে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে।
এ ছাড়া রোগীদের চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) কেড়ে নিয়ে নির্দিষ্ট ফার্মেসি থেকে ওষুধ কিনতে বাধ্য করা এবং পরীক্ষা-নিরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও ছিল তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগীদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল ছদ্মবেশে হাসপাতালে অবস্থান নেয়। পরে রোগীদের প্রলুব্ধ করে হাসপাতালের বাইরে নিয়ে যাওয়ার সময় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।
র্যাব-৯-এর দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, সরকারি হাসপাতালে সাধারণ মানুষের নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে র্যাবের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ও সচেতন মহল। হাসপাতাল প্রাঙ্গণকে দালালমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তাঁরা।
0 মন্তব্য