ইসরায়েলের প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকট বলেছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের প্রধান হিসেবে থাকতে পারেন না। নেতানিয়াহুর এক সহযোগীর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর রোববার (১৬ নভেম্বর) তিনি এ মন্তব্য করেন।
নেতানিয়াহু ও আইজেনকটের প্রতিনিধিদের মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনার কয়েক ঘণ্টা পরই প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন আইজেনকট।
সাবেক সেনাপ্রধান আইজেনকট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠদের আচরণ ইসরায়েলের গণতন্ত্রের জন্য সুনির্দিষ্ট, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি।’
এর আগে ইসরায়েলের চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশের কমিশনারের কার্যালয়ে ফোন করে আরব-ইসরায়েলি রাজনৈতিক দল রা’আমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেন।
প্রতিবেদন অনুযায়ী, ওই কথোপকথনের সময় নর্ডেন পুলিশ কর্মকর্তাদের নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে উল্লেখ করেন।
ওই সূত্রের দেওয়া তথ্যের ভিত্তিতে রা’আমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে আরব-ইসরায়েলি দলগুলো রেকর্ডসংখ্যক আসন পাওয়ার পর নেতানিয়াহু তাদের বিরুদ্ধে নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলেন।
তবে পুলিশের তদন্তে ওই সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি। পরে গ্রেপ্তার তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
রোববার নিজের দলের এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘আমি এই ঘটনার বিষয়ে অবিলম্বে তদন্ত শুরু করার আহ্বান জানাচ্ছি।’
এদিকে নেতানিয়াহুর কার্যালয় চ্যানেল ১২-এর প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে দাবি করেছে। তাদের বক্তব্য, নর্ডেন একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন।
বিরোধী দলগুলোর অভিযোগ, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে নেতানিয়াহু আরব দলগুলোকে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন।
গত মাসের নির্বাচনের পর নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকটের বিরোধী জোট—কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।
প্রধান দুই আরব দল জয়েন্ট লিস্ট ও রা’আম সরকার গঠনে আইজেনকটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। গত সপ্তাহে তাঁকেই সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়।
এর আগে শনিবার নেতানিয়াহু আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে সাবেক সেনাপ্রধান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতানিয়াহুর বিরুদ্ধে ‘চালাকি’ ও উত্তেজনা ছড়ানোর অভিযোগ তোলেন।
সুত্রে : আরব নিউজ
0 মন্তব্য