রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার নিমগাছি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীর নাম নিপেন্দ্র নাথ মাহাতো। তিনি বাজারের ‘রিয়া ট্রেডার্স’ নামের সার ও কীটনাশকের দোকানের স্বত্বাধিকারী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রিয়া ট্রেডার্সে অভিযান চালান রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। এ সময় দোকানটিতে অবৈধভাবে মজুত ও বিক্রির উদ্দেশ্যে রাখা ১১ বস্তা টিএসপি, ৭ বস্তা ইউরিয়া এবং ৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট আইনে দোকানমালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাজিম হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জব্দ করা সারগুলো সাধারণ কৃষকদের কাছে নির্ধারিত ও ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আল আমিন ও মো. সেলিম রেজার তত্ত্বাবধানে সার বিক্রির কার্যক্রম পরিচালিত হয়।
কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের অবৈধ মজুত ও কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র
0 মন্তব্য