তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের সুপারিশ করেছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।
সিপিডির হিসাব অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করলে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকার ন্যূনতম মজুরি বর্তমানে ১৬ হাজার ৩৫১ টাকার সমান। অন্যদিকে, চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে মাসে প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। আর ন্যূনতম মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।
সংস্থাটির মতে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মালিক ও শ্রমিকদের দর-কষাকষির ওপর নির্ভর করা যথেষ্ট নয়। এ ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, শ্রমিকদের উৎপাদনশীলতা এবং পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতা বিবেচনায় নেওয়া জরুরি।
সিপিডি মনে করে, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন। এতে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি শিল্পের সক্ষমতা ও বাস্তব পরিস্থিতির মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।
0 মন্তব্য