বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে এ পতন দেখা দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে আসে। একই দিন যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআই তেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে।
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ তিন মাসে আন্তর্জাতিক বাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা তেলের দাম কমার অন্যতম প্রধান কারণ। সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।
0 মন্তব্য