মোঃ আদর আলী:পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাষা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ব্লক নিয়ে গঠিত ২ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য প্রার্থী আঞ্জুয়ারা। নির্বাচনী মাঠে তার সক্রিয় উপস্থিতি এবং সাধারণ ভোটারদের সমর্থনে এলাকায় নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।
দামুপাড়া গ্রামের বাসিন্দা আঞ্জুয়ারা এর আগে নির্বাচনে অংশ নিয়ে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। তবে এবার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন তার সমর্থকেরা। তাদের প্রত্যাশা, আসন্ন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হবেন তিনি।
স্থানীয় ভোটার জামিরুল ইসলাম ও শুক্কুর আলী বলেন, আঞ্জুয়ারা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি দরিদ্র ও অসহায় মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন।
নয়াবাড়ি এলাকার বিশিষ্ট ব্যক্তি মো. আবুল কাশেম বলেন, নির্বাচনে প্রার্থী হওয়া আঞ্জুয়ারার ব্যক্তিগত সিদ্ধান্ত হলেও তাকে বিজয়ী করার দায়িত্ব এলাকার সচেতন ভোটারদের। অন্যদিকে দেবীযাদু এলাকার আশরাফুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, এবার ২ নম্বর ওয়ার্ডের বিপুলসংখ্যক ভোটার আঞ্জুয়ারার পক্ষে রায় দেবেন।
হাড়িভাষার মতিয়ার রহমান বলেন, অতীতে নানা প্রতিকূলতা ও ষড়যন্ত্রের মুখোমুখি হতে হলেও এবার ভোটের মাধ্যমেই তার জবাব দিতে চান এলাকার মানুষ।
নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আঞ্জুয়ারা। তিনি বলেন, ২ নম্বর ওয়ার্ডকে অনিয়ম, দুর্নীতি ও অসৎ লেনদেনমুক্ত রাখতে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি উন্নয়ন বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করা, রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এবং ইউনিয়ন পরিষদের সরকারি সুযোগ-সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, সমাজ থেকে বাল্যবিবাহ ও মাদক নির্মূল, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সব মিলিয়ে আসন্ন নির্বাচনকে ঘিরে হাড়িভাষা ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে আঞ্জুয়ারাকে নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে জনসমর্থনের প্রতিফলন কতটা ঘটে, তা জানা যাবে নির্বাচনের ফলাফলে।
0 মন্তব্য