গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তার করার ঘটনাকে কেন্দ্র করে থানায় অগ্নিসংযোগ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা থানার লকার ভেঙে বেশ কয়েকজন আসামিকে ছিনিয়ে নেন বলে প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির ভবনসহ আটটি ঘরে আগুন দেওয়া হয়ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনা শুরু হয়। এদিকে গত রাতে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগেরি নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনার মধ্যে রাত সাড়ে ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩০) নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কার্যালয়ে ভাঙচুর, মহাসড়ক অবরোধ এবং ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে।
গোপালগঞ্জের ঘটনায় স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে টুঙ্গিপাড়া থানার পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এ ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁদের ছাড়িয়ে আনতে থানায় যান। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় টুঙ্গিপাড়া মসজিদ থেকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের দেশি অস্ত্রশস্ত্রে সংগঠিত হয়ে থানায় আসতে বলা হয়।
পরে সবাই এক হয়ে হামলা ও ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে তাঁরা লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেন। পুলিশ তাঁদের মোকাবেলা করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে পুলিশ পিছু হটে যায়। এ সময় পুলিশসহ বেশ কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন এলাকাবাসী জানায়, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়া যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় পৌঁছলে স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে বাধা সৃষ্টি করেন। এ সময় তাঁরা আনসার ব্যাটালিয়নের গাড়িসহ ছয়টি গাড়ি পুড়িয়ে দেন।
এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা থাকায় ফায়ার সার্ভিসের সদস্যরা কোথাও আগুন নেভাতে যেতে পারেননি।
রাত ১০টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া মোড় থেকে নিলফা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় বিজিবি, পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল ও টিয়ার শেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে।
অন্যদিকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাত সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ-উল্লস করে বিভিন্ন স্থানে আগুন দিচ্ছেন এবং সহিংসতা চলাচ্ছেন বলে জানা গেছে।
ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা বাকের মিয়া (ছদ্মনাম) বলেন, ‘এই রকম মারামারি আগে দেখিনি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে এমন ঘটনা এই প্রথম।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, ‘আসামি ছিনিয়ে নিতে এই ঘটনার সূত্রপাত হয়েছে বলে শুনেছি। পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল, তাদের লকার ভেঙে দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় পুলিশ সদস্যরা আহত হয়েছেন।’
তিনি বলেন, পরিস্থিতি যে পর্যায়ে ছিল, তাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে। থানা ও এমপি এস এম জিলানীর বাড়িতে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
তিনি বলেন, ‘বর্তমানে (রাত ১১টা ২৩ মিনিট) পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। পুলিশ এখন কী অবস্থায় আছে, তা বলা যাচ্ছে না। তবে বিক্ষোভকারীরা এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়েছিটিয়ে রয়েছে বলে জানতে পেরেছি।’ তিনি আরো বলেন, পরিস্থিতি এমন ছিল যে বাইরে বের হওয়াও বেশ অসম্ভব হয়ে পড়েছিল।
এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে যে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’
জেলা প্রশাসন ও পুলিশে রদবদল : উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসনিক পর্যায়েও নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে বদলি করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলার তিন থানার ওসিকেও বদলি করা হয়েছে। গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই জেলার প্রশাসনের শীর্ষ পর্যায়ে এই রদবদল করা হয়।
নতুন পুলিশ সুপারের যোগদান : গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। গত সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ি পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগদানের পর গতকাল সকাল থেকে তিনি অফিস করছেন বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাসানুর রহমান। দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার নিজ কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গোপালগঞ্জে যোগদানের আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের ৪ নেতাকর্মী আটক : গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করেছে। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গত সোমবার দিবাগত রাত ১টা থেকে গতকাল সকাল ৬টা পর্যন্ত জেলার পাঁচটি থানার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
ভাঙ্গায় আ. লীগের বিক্ষোভ-অবরোধ-ভাঙচুর, রাতে কৃষক দল নেতার মৃত্যু : যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ঘিরে উত্তেজনার মধ্যে রাত সাড়ে ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩০) নিহতের খবর ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও ককটেল বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও করা হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ময়নাতদন্ত ছাড়া তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
0 মন্তব্য