ভারতের তামিলনাড়ু রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছেন নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। শপথ নেওয়ার পরপরই আইন-শৃঙ্খলা, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সংস্কারকে অগ্রাধিকার দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার এক বক্তব্যে বিজয় বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সাম্প্রদায়িক উস্কানি কিংবা সহিংসতার বিরুদ্ধে তার সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে বলেও জানান তিনি।
নতুন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, মুসলিমদের ওপর কোনো ধরনের হামলা হলে অপরাধী যে ধর্মেরই হোক না কেন, কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান বলেও মন্তব্য করেন তিনি।
সামাজিক সংস্কারের অংশ হিসেবে বড় পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের আশপাশে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন বিজয়। এসব দোকান পরিচালনা করে তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন, যা টিএএসএমএসি নামে পরিচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দ্রাবিড়া মুন্নেত্র কাজাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্র কাজাগম (এআইএডিএমকে)-র প্রভাবের বাইরে গিয়ে এবার বড় পরিবর্তন এনেছে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)।
এদিকে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদকবিরোধী বিশেষ ইউনিট তৈরির ঘোষণাও দিয়েছেন ৫১ বছর বয়সী এই নেতা।
সব মিলিয়ে থালাপতি বিজয়ের বার্তা পরিষ্কার জনকল্যাণকে প্রাধান্য দিয়ে সরকার পরিচালনা করা হবে এবং অপরাধের বিরুদ্ধে থাকবে কঠোর অবস্থান।
0 মন্তব্য