জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
আজ বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে সারা দেশে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আধুনিকীকরণ করা হচ্ছে। গৌরনদীতে একটি আধুনিক ট্রমা সেন্টার স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে। এছাড়া গয়নাঘাটায় অবস্থিত মা ও শিশু কেন্দ্রটি পুনরায় সচল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও রোগীদের সঙ্গে কথা বলেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় হাসপাতালে রেবিস (জলাতঙ্ক) ভ্যাকসিন না থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হলে তিনি তাৎক্ষণিকভাবে তা সরবরাহের নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশে আগামীকাল মঙ্গলবার থেকেই হাসপাতালে রেবিস ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করা হবে।
বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, বরিশালের সিভিল সার্জন মনজুর ই এলাহী, ডেপুটি সিভিল সার্জন ডা. শওকত আলী, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সেবার মান বজায় রাখতে এবং রোগীদের সাথে সদাচরণের জন্য চিকিৎসক ও নার্সদের প্রতি নির্দেশ দেন।
0 মন্তব্য