অবশেষে চালু হতে যাচ্ছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল। আগামী ১৬ ডিসেম্বর এটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল নির্ধারণের মাধ্যমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বরকে সম্ভাব্য উদ্বোধনের তারিখ ধরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি জানান, বিমানবন্দরের প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, অভ্যন্তরীণ টার্মিনাল, ভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা।
এসব গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই কভারেজ নিশ্চিত করা হয়েছে, ফলে যাত্রীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই টার্মিনাল চালু হলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক মানের আধুনিক বিমানবন্দর সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
0 মন্তব্য