চট্টগ্রাম নগরের এনায়েত বাজার মোড়ে সোমবার দেখা যায় ভিন্ন এক প্রতিবাদের চিত্র। ব্যানার-ফেস্টুন হাতে জড়ো হন একদল মানুষ। কারো চোখে জল, কারো কণ্ঠে তীব্র ক্ষোভ। তাঁরা কোনো রাজনৈতিক দাবিতে নয়, নিজেদের কষ্টার্জিত আমানত ফেরতের দাবিতে রাস্তায় নেমেছেন।
একীভূত হওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা নগরের বিভিন্ন ব্যাংক প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করেন। এর আগে চলতি মাসে আগ্রাবাদ এলাকায় একটি ব্যাংকে তালা ঝুলিয়ে মানববন্ধনের ঘটনাও ঘটে।
এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখা কর্মকর্তারাও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন।
এনায়েত বাজার এলাকার গ্লোবাল ইসলামী ব্যাংক শাখা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ পরে নগরের অন্যান্য শাখায়ও ছড়িয়ে পড়ে। আমানতকারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে। প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
বিক্ষোভকারীদের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ ব্যাংকের আলোচিত ‘হেয়ার কাট’ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে আমানতের একটি অংশ কর্তনের আশঙ্কা তৈরি হওয়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।
আন্দোলনকারীদের অভিযোগ, বছরের পর বছর ব্যাংকে জমানো অর্থ নিয়ে এখন অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। অনেকেই জীবনের সঞ্চয়, ব্যবসার মূলধন কিংবা অবসরকালীন নিরাপত্তার জন্য রাখা অর্থ ফেরত পাবেন কি না—সেই শঙ্কায় দিন কাটাচ্ছেন।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন আমানতকারী বলেন, ব্যাংক খাতে অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। তাঁদের দাবি, আমানতের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত টাকা ফেরতের সুস্পষ্ট ঘোষণা দিতে হবে।
0 মন্তব্য