মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর আবারও দেশে পৌঁছেছে অপরিশোধিত জ্বালানি তেলের বড় চালান।
সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েলবাহী জাহাজ বুধবার চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাঙ্করেজে পৌঁছায়। বৃহস্পতিবার (৭ মে) থেকে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) জেটিতে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত দুই মাস দেশে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ আসতে পারেনি। ফলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে বিকল্প সমুদ্রপথ ব্যবহার করে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে গত ২১ এপ্রিল চীনা জাহাজ ‘নিনেমিয়া’ বাংলাদেশ অভিমুখে যাত্রা শুরু করে। প্রায় ১৫ দিনের দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে জাহাজটি চট্টগ্রামে পৌঁছায়।
তেল খালাস কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইতোমধ্যে ছয়টি লাইটার জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি জাহাজ একবারে প্রায় চার হাজার টন করে ক্রুড অয়েল পরিবহন করতে পারবে। এতে প্রতিদিন প্রায় ২৪ হাজার টন তেল খালাস করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তেল পরিবহন ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। কুতুবদিয়া অ্যাঙ্করেজ থেকে পতেঙ্গার ইআরএল পর্যন্ত ধাপে ধাপে তেল পৌঁছে দেওয়া হচ্ছে।
এ বিষয়ে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানিয়েছেন, চলতি মাসেই আরও প্রায় দুই লাখ টন ক্রুড অয়েল নিয়ে দুটি জাহাজ দেশে পৌঁছাতে পারে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘ বিরতির পর বড় এই তেলের চালান দেশে পৌঁছানোয় জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফিরবে। পাশাপাশি ইস্টার্ন রিফাইনারির কার্যক্রমও আবার স্বাভাবিক গতিতে পরিচালনা করা সম্ভব হবে।
0 Comments