দীর্ঘ ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে ইউরোপীয় ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ইংলিশ ক্লাবটি।
ম্যাচে ভিলার হয়ে গোল করেন ইউরি টিলেমানস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মরগান রজার্স। ১৯৯৬ সালের লিগ কাপ জয়ের পর এটিই ক্লাবটির প্রথম বড় শিরোপা। একইসঙ্গে ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপ জয়ের পর এটি তাদের প্রথম মহাদেশীয় ট্রফি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভিলা। প্রথম গোল আসে ৪১ মিনিটে। শর্ট কর্নার থেকে মরগান রজার্সের ভাসানো পাস নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে জালে বল পাঠান টিলেমানস।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। পেনাল্টি এলাকার বাইরে থেকে আর্জেন্টাইন আক্রমণভাগের এই খেলোয়াড়ের বাঁ পায়ের বাঁকানো শট ফ্রেইবুর্গ গোলরক্ষক নোয়া আতুবোলুকে কোনো সুযোগই দেয়নি।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে তৃতীয় গোলটি করেন রজার্স। বাম দিক থেকে বুয়েন্দিয়ার নিচু পাসে কাছের পোস্টে সহজ শটে ম্যাচের ফল নিশ্চিত করেন এই ইংলিশ ফরোয়ার্ড।
এই জয়ের মাধ্যমে কোচ উনাই এমেরি ইউরোপীয় প্রতিযোগিতায় নিজের পঞ্চম শিরোপা জিতলেন। ফলে তিনি রেকর্ডধারী কার্লো আনচেলত্তি, হোসে মরিনহো এবং জিওভান্নি ত্রাপাত্তোনির সমকক্ষ হয়ে গেলেন।
ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় টিলেমানস বলেন, “আমার অসাধারণ লাগছে। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং পুরো মৌসুমজুড়ে সেরা পারফরম্যান্স দেখিয়েছি। এর সঙ্গে এই শিরোপা যোগ হওয়া সত্যিই দারুণ অনুভূতি।”
২০২২ সালে ভিলার দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে বদলে দেন এমেরি। সীমিত অর্থ নিয়েও তিনি দলকে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে তুলেছেন এবং ইউরোপা লিগের শিরোপাও এনে দিয়েছেন। এর আগে তিনি ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত সেভিয়ার হয়ে টানা তিনবার এবং ২০১৯ সালে ভিয়ারিয়ালের হয়ে ইউরোপা লিগ জিতেছিলেন।
ফাইনালে ওঠার পথে অ্যাস্টন ভিলা শেষ ষোলোর পর্বে লিল, বোলোনিয়া এবং নটিংহ্যাম ফরেস্টকে হারায়।
চলতি আসরে ভিলার হয়ে সর্বোচ্চ পাঁচটি করে গোল করেছেন জন ম্যাকগিন ও অলি ওয়াটকিন্স। অন্যদিকে বুয়েন্দিয়া ১২ ম্যাচে চার গোল ও ছয়টি গোলে সহায়তা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফাইনালের গোলটি ছিল ভিলার জার্সিতে তার ১৫০তম ম্যাচের স্মরণীয় মুহূর্ত।
ইউরোপা লিগ জয়ের ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার পথও আরও সহজ হয়েছে ভিলার জন্য। একইসঙ্গে প্রিমিয়ার লিগের ষষ্ঠ স্থানে থাকা দলও চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পেতে পারে, যা বোর্নমাউথ কিংবা ব্রাইটনের মতো ক্লাবগুলোর জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে।
0 মন্তব্য