আর্থিক সংকটে থাকা কয়েকটি বেসরকারি ব্যাংকে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা আমানত রাখার ঘটনায় সম্ভাব্য অনিয়ম খতিয়ে দেখতে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ সরকারি অর্থ জমা রাখার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ উদ্যোগ নিয়েছে বিপিসি। এসব অর্থ কী প্রক্রিয়ায় জমা রাখা হয়েছে, কারা এ সিদ্ধান্তের সুপারিশ করেছেন এবং আমানত রাখার ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করা হয়েছিল, তা তদন্ত করবে কমিটি।
এ ছাড়া ব্যাংকগুলোর দেওয়া অস্বাভাবিক উচ্চ সুদের প্রস্তাবের সঙ্গে কোনো অনৈতিক লেনদেন জড়িত ছিল কি না, ব্যক্তিগত সুবিধা বা ঘুষ কিংবা কমিশন নেওয়ার ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হবে।
বিপিসি সচিব শাহিনা সুলতানার সই করা গত ৩ নভেম্বরের এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। আদেশ অনুযায়ী, আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোতে স্থায়ী আমানত বা এফডিআর হিসেবে জমা রাখা অর্থ কীভাবে ফেরত আনা যায়, সে বিষয়ে সুপারিশও করবে কমিটি।
বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বিপিসি সচিব শাহিনা সুলতানা। অন্য সদস্যরা হলেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের মহাব্যবস্থাপক (বিপণন) রেজা মো. রিয়াজউদ্দিন, পদ্মা অয়েল কোম্পানি পিএলসির উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) শফিউল আজম, ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপমহাব্যবস্থাপক (কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট) কবির উদ্দিন আহমদ এবং যমুনা অয়েল কোম্পানি পিএলসির ব্যবস্থাপক (হিসাব) মোহাম্মদ আবু সাঈদ।
এ ছাড়া বিপিসির ব্যবস্থাপক (হিসাব/তহবিল) আল-আমিনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। গঠিত কমিটিকে এক মাসের মধ্যে বিপিসির চেয়ারম্যানের কাছে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটির কার্যপরিধিতে ব্যাংকগুলোতে অর্থ জমা রাখার সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া পর্যালোচনার কথা বলা হয়েছে। একই সঙ্গে এসব আমানত রাখার পক্ষে কারা সুপারিশ করেছিলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা কী ছিল এবং আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোকে বেছে নেওয়ার পেছনে কী যুক্তি কাজ করেছে, তা শনাক্ত করা হবে।
এ ছাড়া ভবিষ্যতে বিপিসি ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানতের অর্থ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করবে কমিটি।
এ ক্ষেত্রে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা, অবস্থা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় নিয়ে আমানত রাখার জন্য উপযুক্ত ব্যাংক নির্বাচনে একটি কাঠামো প্রণয়নের প্রস্তাবও দেওয় হবে।
0 মন্তব্য