কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের গোপন আস্তানায় অভিযান চালিয়ে খালি কার্তুজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। পরে মানবপাচারকারীদের ব্যবহৃত আস্তানাটি ধ্বংস করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার রঙ্গীখালী এলাকার দুর্গম পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, এসআরবি ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ আভিযানিক দল এতে অংশ নেয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, গত ৫ নভেম্বর পরিচালিত অভিযানের ধারাবাহিকতায় শনিবার এ অভিযান চালানো হয়। অভিযানের শুরুতে যৌথ বাহিনীর সদস্যরা মানবপাচারকারী চক্রের গোপন আস্তানাটি চারদিক থেকে ঘিরে ফেলেন। পরে সেখানে তল্লাশি চালানো হয়।
এসময় কিছু খালি কার্তুজ ও আনুষঙ্গিক সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান শেষে আস্তানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

আইএসপিআরের পক্ষ থেকে আরো জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী অঙ্গীকারবদ্ধ।
জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।
0 মন্তব্য