চ্যাম্পিয়নস লিগে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। মঙ্গলবার নিজেদের মাঠে ইংলিশ ক্লাবটিকে হারিয়ে প্রতিযোগিতায় তাদের শতভাগ জয়ের ধারায় ফেরে কাতালানরা। বার্সেলোনার জয়ে জোড়া গোল করেছেন রাফিনিয়া।
পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে শুরুতেই এগিয়ে দেন লামিনে ইয়ামাল। এরপর দুর্দান্ত ফর্মে থাকা রাফিনিয়া দ্বিতীয়ার্ধে করেন জোড়া গোল।
আগের ইউরোপীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হারের পর এই জয়ে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। লিগ পর্বের শীর্ষ আটে জায়গা করে নেওয়ার লড়াইয়েও টিকে আছে তারা।
উনাই এমেরির অ্যাস্টন ভিলা প্রথমার্ধে ভালোই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল। তবে শেষ পর্যন্ত আক্রমণের শেষ ভাগে বার্সেলোনার দক্ষতার কাছে হার মানতে হয় তাদের।
ম্যাচ শুরুর আগে চ্যাম্পিয়নস লিগের ঐতিহ্যবাহী সংগীত বাজানো হয়নি। স্পেনের দ্বিতীয় বিভাগের ম্যাচে আগের দিন মাঠে সংঘর্ষের পর মঙ্গলবার সকালে মারা যাওয়া টেনেরিফের স্ট্রাইকার হেসুস দে মিগেলের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর মৃত্যুতে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।
ম্যাচ শেষে মুভিস্টারকে রাফিনিয়া বলেন, ‘হ্যাঁ, এটি ভালো জয় ছিল। আমি এই জয় সমর্থকদের উৎসর্গ করতে চাই। তবে আজ ফুটবল নিয়ে কথা বলতে চাই না। হেসুসের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই—তিনি শান্তিতে থাকুন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনা যে কারও সঙ্গে ঘটতে পারে। বিষয়টি খুবই কঠিন। আপনি একটি ম্যাচ খেলতে যাবেন, আর একই ঘটনা আপনার সঙ্গেও ঘটতে পারে। ক্লাবের পক্ষ থেকে আমি তাঁর পরিবারের প্রতি শক্ত থাকার বার্তা জানাতে চাই।’
বার্সেলোনার মাঠে অ্যাস্টন ভিলা অধিনায়ক জন ম্যাকগিনের আগে একবারই আসার অভিজ্ঞতা ছিল। আট বছর বয়সে গ্রীষ্মের ছুটিতে ক্যাম্প ন্যুতে এসেছিলেন তিনি। তবে সেদিনের আবহাওয়ার চেয়ে এবারের প্রবল বৃষ্টিতে দুই দলকেই বেশ ভুগতে হয়েছে।
ম্যাকগিন হয়তো দলের আরও মনোযোগী শুরুর প্রত্যাশা করেছিলেন। কিন্তু ম্যাচের সপ্তম মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় ভিলা।
মাঠের অনেকটা উঁচুতে উঠে চাপ তৈরি করে বার্সেলোনা। এ সময় নিজেদের বক্সে সতীর্থকে দেওয়া জোয়াও গোমেসের দুর্বল পাস পেয়ে যান ইয়ামাল। ১৯ বছর বয়সী এই উইঙ্গার সুযোগটি কাজে লাগিয়ে ভিলা গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করেন।
২০১৭ সালে পিএসজির কোচ থাকাকালে বার্সেলোনার মাঠে ৬-১ গোলে হেরে ক্যারিয়ারের অন্যতম বাজে রাত কাটিয়েছিলেন এমেরি। এবারও হয়তো বড় বিপর্যয়ের আশঙ্কা করেছিলেন তিনি।
তবে দ্রুতই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ভিলা। ম্যাটি ক্যাশের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে জোয়াও গোমেসের আরেকটি শট আটকে দেন জোয়াও ক্যানসেলো।
পাল্টাপাল্টি আক্রমণ
বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া দ্রুত এগিয়ে এসে বিপজ্জনক থ্রু পাস থেকে নিকোলাস জ্যাকসনকে বলের নিয়ন্ত্রণ নিতে দেননি।
বার্সেলোনার চাপের মুখে নিজেদের রক্ষণভাগ থেকে বল বের করতে বেশ বেগ পেতে হচ্ছিল ভিলাকে। অ্যান্থনি গর্ডনের শট ঠেকিয়ে দেন সুজুকি।
ম্যাচে পাল্টাপাল্টি আক্রমণ চলতে থাকে। জোহান মানজাম্বির প্রচেষ্টা ঠেকিয়ে আবারও দলকে বিপদমুক্ত করেন গার্সিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় বার্সেলোনা। ফেরমিন লোপেজের কাছ থেকে বল পেয়ে দ্রুত পায়ের কারুকাজে প্রতিপক্ষের রক্ষণ সামলে নিচু শটে জালে পাঠান রাফিনিয়া।
এরপর ক্যানসেলোর জোরালো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর নিজের বুটের বাইরের অংশ দিয়ে দারুণ এক ক্রস করেন তিনি। সেই বল থেকে কাছ থেকে গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান ৩-০ করেন রাফিনিয়া।
এ মৌসুমে বার্সেলোনার হয়ে মূল স্ট্রাইকারের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করা ব্রাজিলিয়ান এই উইঙ্গারের চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ১৯তম গোল।
চতুর্থ গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় বার্সেলোনা। ইয়ামালের একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ পর্যন্ত আর গোল না হলেও ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।
এই জয়ের মাধ্যমে ১৯ ম্যাচ পর প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে গোল হজম না করে ম্যাচ শেষ করল বার্সেলোনা।
0 মন্তব্য