পোল্যান্ডের ক্রাকোভ শহরে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কি।
প্রেসিডেন্টের মুখপাত্র এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। এতে আগামী ৮ ও ৯ নভেম্বর পুরো পোল্যান্ডে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভের ব্যস্ততম এলাকায় শনিবার এ হামলার ঘটনা ঘটে। হামলাকারী ‘উগ্র ডানপন্থি’ মতাদর্শে অনুপ্রাণিত ছিল বলে জানা গেছে। নিহত ছয়জনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার (৭ নভেম্বর) বিকালে একটি গাড়ি নিয়ে ক্রাকোভের প্রধান মার্কেট স্কয়ারে প্রবেশ করে হামলাকারী। এরপর সেখানে উপস্থিত লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় সে।
এ ঘটনার পর রোববার (৮ নভেম্বর) মধ্যরাত থেকে রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। এ সময় দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন ওয়েবসাইটের লোগোতে কালো ফিতা যুক্ত করা হয়েছে এবং ওয়েবসাইটগুলোর রঙের ব্যবহারেও শোকের আবহ আনা হয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে রেডিও ও টেলিভিশন চ্যানেলগুলো তাদের অনুষ্ঠানসূচিতে পরিবর্তন এনেছে।
একই সঙ্গে বেশ কয়েকটি বিনোদনমূলক অনুষ্ঠানও বাতিল করা হয়েছে। শোকের এই সময়ে নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
তথ্যসূত্র: আনাদোলু
0 মন্তব্য