ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ দুটি রেলপথে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল পৃথক করে ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে একই বছরের ৪ জুন গেজেট প্রকাশিত হয়।
স্থানীয়দের দাবি, বাসুদেব ইউনিয়নকে বিভক্ত করার সিদ্ধান্তের শুরু থেকেই তাঁরা প্রতিবাদ জানিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান হয়নি।
এরই মধ্যে সম্প্রতি সদর উপজেলার তিনটি ইউনিয়ন—বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত হওয়া বরিশল ইউনিয়নের সঙ্গে একীভূত করে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। এ উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, এ প্রস্তাবের নেপথ্যে রয়েছেন জেলা বিএনপির নেতা কবির আহমেদ আহমেদ ভূঁইয়া। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে বলে তাঁরা দাবি করেন।
এদিকে অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম জানান, জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
0 মন্তব্য