রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, পথচারী আশা আক্তার (২০), পথচারী সিয়াম (১৮) ও চা বিক্রেতা আলমগীর (৩৩)। ঘটনার পর গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গেন্ডারিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর করাতীটোলা এলাকায় মাদকদ্রব্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের ঘটনা ঘটে। এ সময় স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. মনির হোসেন ও তার ভাগ্নে রাসেলের সঙ্গে অটো সজলের চাচা রাসেলের বিরোধ হয়। একপর্যায়ে অটো সজলের চাচা রাসেলকে মারধর করা হয়। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মনির হোসেনের কাছে থাকা একটি অবৈধ পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়।
গুলি ছোড়ার পর মনির হোসেন ও তার সঙ্গে থাকা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গেন্ডারিয়া থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
0 মন্তব্য