নরসিংদীর মনোহরদী উপজেলায় আট বছর বয়সী মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মক্তব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগীর মায়ের করা মামলায় শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মক্তব শিক্ষকের নাম মো. সোহরাব (২০)। তিনি নরসিংদীর মনোহরদী উপজেলার একটি গ্রামের মক্তবের শিক্ষক এবং ওই গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগের বরাতে পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ার পাশাপাশি প্রতিদিন সকালে আরবি শিক্ষার জন্য ওই মক্তবে যেত।
গত বুধবার সকাল ৬টায় শিশুটি প্রতিদিনের মতো মক্তবে গিয়েছিল। সেদিন ছুটির পর শিক্ষক সোহরাব মক্তবের মাসিক বেতন এনে দেওয়ার জন্য শিশুটিকে তার মায়ের কাছে পাঠায়। সকাল ৭টার দিকে বেতন নিয়ে মক্তবে ফেরার পথে সোহরাব একটি নির্মাণাধীন ঘরের সামনে ওই শিশুর পথরোধ করেন। ওই সময় শিশুটিকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা চালান।
শিশুটি বাড়ি ফিরে মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরে এ ঘটনায় থানায় মামলা করেন মা।
তিনি জানান, ঘটনার এক পর্যায়ে তাঁর মেয়েকে একটি নির্মাণাধীন ঘরের ভেতরে আটকে রেখে সোহবার বাড়ি থেকে পাটের চট আনতে যান। এই সুযোগে তাঁর মেয়ে কোনোরকমে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। বাড়িতে ফিরে কান্নাকাটি শুরু করে। কান্না করার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত জানায় সে। এরপরই থানায় মামলা করতে আসেন।
মামলার সত্যতা নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মক্তবের শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
0 মন্তব্য