সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই বাংলাদেশিরা একটি যানবাহনে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে, দুর্ঘটনার খবর পাওয়ার পর নিহতদের পরিচয় শনাক্ত ও বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ শুরু করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ জন্য স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন কনস্যুলেটের কর্মকর্তারা।
কনস্যুলেট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে স্বজনদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
এ মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্য