ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে দেড়শতে রূপ দিতে খুব বেশি সময় নিলেন না তাওহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন তিনি। শেষ পর্যন্ত ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই তুলে নিয়েছেন ১৫০ রানের মাইলফলক। এর মধ্য দিয়ে বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন এই ব্যাটার।
শামার জোসেফের ডাউন দ্য লেগ ডেলিভারি ফ্লিক করে স্কয়ার লেগে পাঠিয়েছিলেন হৃদয়। সেখানে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও তা নেননি তিনি। উইকেট হাতে ছিল মাত্র দুটি। এমন পরিস্থিতিতে ওভারের শুরুতে টেলএন্ডারকে স্ট্রাইক দিতে চাননি এই ডানহাতি ব্যাটার।
পরের বলেই পিচড আপ ডেলিভারি পেয়ে দারুণ টাইমিংয়ে মিডউইকেট দিয়ে সীমানার বাইরে পাঠান হৃদয়। সেই ছক্কাতেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ১৫০ রানে রূপ দেন তিনি।
এই কীর্তির মধ্য দিয়ে সবচেয়ে কম টেস্ট খেলে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের প্রথম ১৫০ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন হৃদয়। নিজের তৃতীয় টেস্টেই এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।
সিলেটের উইকেট ব্যাটিংয়ের জন্য অনুকূল থাকলেও সতীর্থদের ব্যর্থতায় কঠিন পরিস্থিতিতে পড়েছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে একসময় ১৮৪ রানেই ৭ উইকেট হারায় দল। চোটের কারণে সাদমান ইসলাম এই ইনিংসে ব্যাট করতে না পারায় ব্যাটিংয়ের শুরুতেই একটি উইকেট কম ছিল বাংলাদেশের।
এমন পরিস্থিতিতে তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন হৃদয়। জুটিতে অধিকাংশ বল খেলেছেন তিনিই। একপ্রান্ত আগলে রেখে দলকে ফলোঅনের শঙ্কা থেকে দূরে রাখার চেষ্টা করেন এই ব্যাটার।
প্রথম সেঞ্চুরিটি হৃদয় তুলে নিয়েছিলেন ১৭১ বলে। এরপর মাত্র ৬৪ বল খেলে পৌঁছে যান ১৫০ রানে। এই পথচলায় হাঁকান তিনটি চার ও চারটি ছক্কা।
এর আগে বাংলাদেশের হয়ে ক্যারিয়ারের প্রথম ১৫০ রানের ইনিংস খেলার দ্রুততম রেকর্ডটি ছিল মুমিনুল হকের। ক্যারিয়ারের চতুর্থ টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ১৩ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়।
0 মন্তব্য