চিলির রাজধানী সান্তিয়াগো ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কাদামাটির ঢলে রাস্তায় গাড়ি ভেসে গেছে, প্লাবিত হয়েছে ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন বহু বাসিন্দা। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর পূর্বাঞ্চলীয় উপশহর লাস কন্দেসে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্ত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভারী বৃষ্টিতে সান্তিয়াগোর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও সড়ক পরিণত হয় পানির স্রোতে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবায় নিয়োজিত সরকারি সংস্থাগুলোকে বাড়তি ক্ষমতা দেওয়া হয়েছে।
লাস কন্দেসের মেয়র কাতালিনা সান মার্টিন জানান, সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় ১৪ দশমিক ৪ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। অক্টোবরে সাধারণত যত বৃষ্টি হয়, এবার তার প্রায় নয় গুণ বৃষ্টি হয়েছে। এতে পুরো এলাকা পানিতে সয়লাব হয়ে পড়েছে।
সান্তিয়াগোর মধ্য দিয়ে বয়ে যাওয়া মাপোচো নদীর পানি উপচে পড়ায় বিভিন্ন এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিলির দুর্যোগ মোকাবিলা সংস্থা ভূমিধসের আশঙ্কায় আরও ১০টি জেলায় উচ্চ সতর্কতা জারি করেছে। পাশাপাশি শুক্রবার (১০ অক্টোবর) স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কর্মকর্তারা জানান, সপ্তাহের শুরুতে হওয়া বৃষ্টিতেও মধ্য চিলির কয়েক ডজন বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যুৎহীন হয়ে পড়েন সান্তিয়াগোর প্রায় ১২ হাজার গ্রাহক। তবে শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে হাড় ভেঙে যাওয়া এক বছর বয়সী শিশুও রয়েছে। দমকলকর্মীরা এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করেছেন অথবা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।
এদিকে প্রশান্ত মহাসাগরের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের পানির তাপমাত্রা বৃদ্ধির প্রাকৃতিক আবহাওয়াগত প্রভাব এল নিনো আরও শক্তিশালী হচ্ছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ধরন বদলে যেতে পারে। দক্ষিণ গোলার্ধে বসন্তকালে সাধারণত বৃষ্টিপাত বেড়ে যায়।
বিশ্ব আবহাওয়া সংস্থা বৃহস্পতিবার (৮ অক্টোবর) জানিয়েছে, চলতি বছরের এল নিনো ডিসেম্বর মাসে সর্বোচ্চ তীব্রতায় পৌঁছাতে পারে। ১৯৫০ সালের পর এটি সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: এনবিসি নিউজ, এপি, সিএনএন
0 মন্তব্য