দেশের খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং ডিজিটাল পেমেন্টের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়েছে। এতে সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে রিটেইল ব্যবসাপ্রতিষ্ঠান ও মার্চেন্টদের লাইসেন্স ইস্যু ও নবায়নের অন্যতম শর্ত হিসেবে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের বিষয়টি বাধ্যতামূলক করতে হবে। নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ নির্দেশনা বাস্তবায়নে সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সব পৌরসভার প্রশাসক এবং জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। জেলা প্রশাসকদের তাঁদের অধীন ইউনিয়ন পরিষদগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে ১ অক্টোবর স্থানীয় সরকার বিভাগকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি-১) আ ন ম মঈনুল কবীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, বর্তমানে দেশে ৩২ লাখ ৬১ হাজার মার্চেন্ট বাংলা কিউআরের আওতায় এসেছেন।
বাংলাদেশ ব্যাংকের মতে, ট্রেড লাইসেন্স দেওয়ার সঙ্গে বাংলা কিউআর যুক্ত করা হলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীদের আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা সহজ হবে। একই সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো এবং দেশের কর-জিডিপি অনুপাত বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত ট্রেড লাইসেন্স ইস্যুর সঙ্গে বাংলা কিউআর সংযুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ আগস্ট সিটি করপোরেশন ও পৌরসভা পর্যায়ে ট্রেড লাইসেন্সের সঙ্গে বাংলা কিউআর সেবা যুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার সেই কার্যক্রম ইউনিয়ন পরিষদ পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, এ উদ্যোগের ফলে শহরের পাশাপাশি প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও ডিজিটাল লেনদেনের আওতায় আসবে। এতে ব্যবসায়িক লেনদেনের একটি অংশ নগদনির্ভরতা থেকে বেরিয়ে ডিজিটাল ব্যবস্থায় যুক্ত হবে।
0 মন্তব্য