বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) পানছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ সুলতান আহমদ। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা দলীয় নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার। তাঁর আদর্শ ধারণ করে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
0 মন্তব্য