ওয়াশিংটন ডিসিতে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সমঝোতা স্মারকে সই করেন।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে যে চাপ তৈরি হয়েছে, তার মধ্যে এই উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখা হচ্ছে।
চুক্তির আওতায় দুই দেশের মধ্যে তেল, গ্যাস, ভূতাপীয় শক্তি ও জৈবশক্তি খাতে সহযোগিতা বাড়ানো হবে। পাশাপাশি গবেষণা, প্রযুক্তিগত জ্ঞান বিনিময়, দক্ষতা উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সাশ্রয়ী মূল্যে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি পণ্য আমদানির ক্ষেত্রেও এই সমঝোতা সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। এতে বাংলাদেশের জ্বালানি উৎস বহুমুখীকরণ ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা বাড়বে।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ সমঝোতা স্মারককে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। এ উদ্যোগে সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে ধন্যবাদ জানান।
অন্যদিকে, ক্রিস রাইট এই সমঝোতাকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য