হরমুজ প্রণালি নিয়ে আলোচনা অব্যাহত থাকার মধ্যেই ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খুলবে না—এমন শর্ত দেওয়ার পর ট্রাম্প গত ৫০ বছরের ক্ষয়ক্ষতির জন্য ইরানের কাছ থেকে অর্থ দাবি করেছেন।
হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এর জবাবে ইরানের কাছ থেকে গত ৫০ বছরের ক্ষয়ক্ষতির জন্য অর্থ আদায়ের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরান ক্ষতিপূরণ চেয়েছে—তাই যুক্তরাষ্ট্রও গত পাঁচ দশকে ইরানের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য অর্থ চাইবে।
ইরানের দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধের ক্ষতিপূরণ দিতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবহন হতো।
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও ট্রাম্পের নতুন ক্ষতিপূরণ দাবিতে সংকট নিরসনের প্রচেষ্টা আরও জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের কারণে গত চার মাসে ৫২ হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর সদস্যদের পাশাপাশি ইরানের বেসামরিক নাগরিকদের মৃত্যুর কথাও উল্লেখ করেন তিনি। তবে ইরান জানায়, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছে।
এ ছাড়া ২০০০ সালে ইয়েমেনে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস কোল-এ হামলায় নিহত ১৭ মার্কিন নাবিকের পরিবারকেও ইরানের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ওই হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করা হয়েছিল, ইরানকে নয়।
ট্রাম্প আরও বলেন, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজার মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির জন্যও ইরানকে দায় নিতে হবে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে উভয় পক্ষেরই সমঝোতায় পৌঁছানোর প্রবল স্বার্থ রয়েছে।সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ সহকারী চার্লস কাপচান ট্রাম্পের ক্ষতিপূরণ দাবিকে অনেকটা ‘বাগযুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, ইরান তেল রপ্তানি করতে না পারলে অর্থনৈতিকভাবে টিকে থাকা কঠিন হবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির উচ্চমূল্য নিয়ে নতুন চাপ নিতে চাইবে না।
সূত্র: আল জাজিরা
0 মন্তব্য