নেত্রকোনার দুর্গাপুরে বাড়ির অদূরে দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার তেলনজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান আইপিটিভি ‘চ্যানেল রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে স্থানীয় বিভিন্ন অনিয়ম ও অপরাধের খবর তুলে ধরতেন। তার মূল বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে। তবে তিনি তেলনজিয়া এলাকায় শ্বশুরবাড়ির পাশে বসবাস করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে তেলনজিয়া গ্রামের একটি চায়ের দোকান থেকে বের হওয়ার মুহূর্তে লুৎফুজ্জামানকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায় দুই যুবক। পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে পর পর কয়েকটি গুলি করা হয়। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা অন্ধকারে সটকে পড়ে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত। এর আগেও সাংবাদিকতার জেরে তার ওপর মারাত্মক হামলা হয়েছিল। গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
ঘটনার বর্ণনা দিয়ে নিহত সাংবাদিকের স্ত্রী অনিন্দিতা সংমা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিকাল থেকে ঘরে বসেই সংবাদের কাজ করছিল। সন্ধ্যার পর হুট করে গুলির আওয়াজ পেয়ে বাইরে বের হয়ে দেখি স্বামীর রক্তাক্ত লাশ পড়ে আছে। আমার ছোট দুটি বাচ্চার মুখে চেয়ে আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।”
ছেলের নির্মম হত্যাকাণ্ডে বাকরুদ্ধ মা জবেদা আক্তার ও স্বজনরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়েছেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, নিহতের মাথা, গলা ও বুকসহ শরীরের একাধিক স্থানে গুলির ক্ষত পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।
0 মন্তব্য