আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা দেশের ব্যাংকবহির্ভূত পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য প্রাথমিকভাবে যে অর্থের প্রয়োজন তা সরকার থেকে সরবরাহ করা হবে।
এরই মধ্যে আড়াই হাজার কোটি টাকার সহায়তার আশ্বাস পেয়েছে বাংলাদেশ ব্যাংক। এই পাঁচ প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ ১০ হাজার ৯০৭ কোটি টাকা। শিগগিরই এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসকে অবসায়ন করা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
তথ্য মতে, এই পাঁচ প্রতিষ্ঠানে ২৭ হাজার আমানতকারীর প্রায় দুই হাজার ৭০০ কোটি টাকা জমা রয়েছে।
আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া সহজ করার জন্য এরই মধ্যে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রশাসক নিয়োগের পর শুরুতে ব্যক্তি আমানতকারীরা ১০ লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। পরে অন্যদের ব্যবস্থা করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
আন্তর্জাতিক লিকুইডেশন বা অবসায়ন আইন অনুযায়ী যে গ্রাহক আগে টাকা পাওয়ার কথা, সে অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে। এর জন্য আগে পাঁচ প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়ন করা হবে। এ জন্য প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই প্রশাসক নিয়োগ দেওয়া হবে। এ ব্যাপারে আদালত যেভাবে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী কর্মকাণ্ড পরিচালিত হবে।
আমরা এরই মধ্যে সরকারের কাছ থেকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি পেয়েছি।’
তিনি আরো বলেন, প্রথমে ৯টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত নিলেও অনুরোধের ভিত্তিতে চারটি প্রতিষ্ঠানকে কিছুদিন সময় দেওয়া হয়েছে। তারা উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করছে। যদি বাংলাদেশ ব্যাংক তাদের উন্নতিতে সন্তুষ্ট হয় তাহলে তারা অবসায়ন বা বন্ধ হবে না। যদি তেমন কোনো উন্নতি না হয় তাহলে তারাও অবসায়নের আওতায় আসবে।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রশাসক নিয়োগের পর প্রতিষ্ঠানগুলোর ছোট ছোট আমানতকারীর টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। টাকা ফেরত দেওয়ার বিষয়ে এরই মধ্যে সরকারের সম্মতি পেয়েছে বাংলাদেশ ব্যাংক। তার পরও প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বর শেষে এফএএস ফাইন্যান্সের খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৯৯.৯৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৯৮.৫০ শতাংশ, আভিভা ফাইন্যান্সের ৯৩.৯৩ শতাংশ, পিপলস লিজিংয়ের প্রায় ৯৫ শতাংশ এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯৯.৪৪ শতাংশ, অর্থাৎ এসব প্রতিষ্ঠানের প্রায় শতভাগ ঋণই খেলাপি।
প্রতিষ্ঠান পাঁচটির মধ্যে আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন চট্টগ্রামের ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)। অন্য চারটির নিয়ন্ত্রণ ছিল আর্থিক প্রতিষ্ঠান কেলেঙ্কারির দায়ে বহুল আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার (পি কে) হালদারের। তাঁদের মেয়াদে এসব প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে টাকা তুলে নেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে আমানতকারীরা টাকা ফেরত পাচ্ছেন না। সদ্যোবিদায়ি অন্তর্বর্তী সরকারের সময় এসব প্রতিষ্ঠান সচল বা অবসায়ন করে আমানতকারীদের দুর্ভোগ লাঘবের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত কাজটি তারা শেষ করে যেতে পারেনি। এ অবস্থায় বর্তমান সরকারও অন্তর্বর্তী সরকারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ জন্য ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে এই খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
উচ্চ খেলাপি ঋণ এবং আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় কেন ২০টি এনবিএফআই বন্ধ করা হবে না মর্মে গত বছরের মে মাসে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের পুনরুদ্ধার বা ঘুরে দাঁড়ানোর কর্মপরিকল্পনা সন্তোষজনক না হওয়ায় সেগুলো বন্ধ বা অবসায়নের উদ্যোগ নেওয়া হয়। তবে চলতি বছরের জানুয়ারিতে সেখান থেকে তিনটি প্রতিষ্ঠান বাদ দিয়ে ছয়টি বন্ধ বা অবসায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স ও বিআইএফসিকে বাদ দেওয়া হয়। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে প্রিমিয়ার লিজিংকে বাদ দিয়ে পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ বা অবসায়নের প্রাথমিক সিদ্ধান্ত হয়। সরকারি দলের একজন নেতা প্রিমিয়ার লিজিং সচল করার উদ্যোগ নেবেন বলে কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছেন। এ জন্য প্রতিষ্ঠানটিকে আপাতত অবসায়নের তালিকার বাইরে রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ১২ জুন বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোর টাকা ফেরত দেওয়া নিয়ে ১২ বছর ধরে সমস্যা হচ্ছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের আমানতকারীরা টাকা ফেরত পাবেন।
আইডিএলসি ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান বলেন, ‘সবার আগে আমানতকারীদের স্বার্থ রক্ষা করা উচিত। যদি পাঁচ প্রতিষ্ঠানের সব আমানতকারী টাকা ফেরত পান তাহলে ভালো। দেশের ক্রান্তিকালীন পরিস্থিতি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ফেরত দেওয়ার সিদ্ধান্তটা ভালো। তবে ভবিষ্যতে এ রকম সিদ্ধান্ত বারবার নেওয়া ঠিক হবে না। পৃথিবীর উন্নত দেশগুলোতে ট্যাক্স পেয়াররা টাকা দিয়ে কোনো আর্থিক প্রতিষ্ঠান রক্ষা করে না। এখানে সুশাসন বাড়াতে হবে।’
শেয়ারহোল্ডারদের বিষয়ে তিনি বলেন, ‘যেহেতু শেয়ার কিনলে বছর শেষে আপনি লাভ পান। সুতরাং কম্পানি লোকসান করলে সেটার ভাগও আপনাকে নিতে হবে। পৃথিবীর কোনো দেশে ব্যক্তি বিনিয়োগকারীর লোকসানের দায়ভার সরকার নেয় না। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো সুশাসনের অভাব। এই প্রতিষ্ঠানগুলোর অবস্থা যে এত খারাপ, সেটা কেউ আগে বুঝতে পারেনি। প্রতিবছর অডিট হয়েছে। বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিয়েছে। কম্পানিগুলো লভ্যাংশ দিয়েছে। তার কারণেই বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছে। যেহেতু তখন বোঝার কোনো সুযোগ ছিল না, তাই সরকার এগিয়ে আসছে।
0 মন্তব্য