মো. গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর ভদ্রা জামালপুর এলাকায় মাত্র ১০ টাকায় পড়াশোনার সুযোগ পাচ্ছে সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের শিশুরা। ‘১০ টাকার স্কুল’ নামে ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে দরিদ্র শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করছে স্বেচ্ছাসেবী সংগঠন জিএফজিজি ফাউন্ডেশন।
জানা গেছে, রেললাইনের পাশের এলাকায় বসবাসকারী অসচ্ছল পরিবারের কোমলমতি শিশুদের কথা বিবেচনা করে এ স্কুলটি পরিচালনা করা হচ্ছে। এখানে সারা মাস পড়াশোনার জন্য শিক্ষার্থীদের দিতে হয় মাত্র ১০ টাকা। ফলে আর্থিক সংকটের কারণে যেসব শিশুর নিয়মিত পড়াশোনা অনিশ্চিত, তারাও পাচ্ছে শিক্ষার সুযোগ।
শুধু পড়াশোনাই নয়, শিক্ষার্থীদের জন্য রয়েছে বাড়তি কিছু সুবিধাও। প্রতি সপ্তাহে তাদের নাশতা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী খাতা-কলমসহ শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়।
ফাউন্ডেশনের নিজস্ব আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে স্কুলটির কার্যক্রম। তবে এখন পর্যন্ত বাইরে থেকে উল্লেখযোগ্য কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্যোক্তাদের প্রত্যাশা, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে স্কুলটির কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। এতে দরিদ্র শিশুদের জন্য পোশাক, খাবার ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের ব্যবস্থা করা যাবে।
মাত্র ১০ টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
0 মন্তব্য