নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর ব্রিজের ঢালে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত। যাত্রীবেশে বাসে উঠে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায় সে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই বাসের চালক, হেলপার ও যাত্রীরা নিরাপদে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টার দিকে কাঁচপুর ব্রিজের পাশে যাত্রী ওঠানামার নির্ধারিত স্থানে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে যাত্রী ওঠানামার জন্য বাসটি কাঁচপুর ব্রিজের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় সাধারণ যাত্রীর ছদ্মবেশে এক ব্যক্তি বাসে ওঠে। পরে বাসের ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে।
মুহূর্তের মধ্যেই বাসের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। তবে চালক, হেলপার ও যাত্রীদের তৎপরতায় সবাই দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল রানা জানান, কাঁচপুর ব্রিজের ঢালে যাত্রী ওঠানামার সময় যাত্রীবেশে এক দুর্বৃত্ত বাসে উঠে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি বলেন, চালক ও যাত্রীদের সতর্কতায় কেউ হতাহত হননি। খবর পেয়ে দ্রুত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
0 মন্তব্য