সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পাল্টা জবাব ও পেশাদার পদক্ষেপের ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বাহিনীটি।
মঙ্গলবার (১৯ মে) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ হঠাৎ গুলি ছোড়ে। এ সময় বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার করে এবং দৃঢ় অবস্থান গ্রহণের মাধ্যমে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনগণ ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
0 মন্তব্য