চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দিলদার নামে এক ব্যক্তিকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে কদলপুরের পাহাড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার মাসুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কদলপুর এলাকায় সন্ত্রাসী-ডাকাত আলম ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দিলদার নামে এক ব্যক্তি পায়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার জানান, আহত দিলদারকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আদালতে সোপর্দ করে তার রিমান্ডের আবেদন করা হবে।
অভিযানকালে বেশ কিছু গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
0 মন্তব্য