পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. মীর মোশারফ হোসেন (৫৬) এবং সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঢাংগী পুকুর বাজার এলাকার আতা মোহাম্মদের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. খালেকুজ্জামান ওরফে হৃদয় (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মীর মোশারফ হোসেনকে তার নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে উসকানিমূলক পোস্ট করার পাশাপাশি নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী খালেকুজ্জামান ওরফে হৃদয়কে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকেই কড়া পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কিংবা এর কোনো অঙ্গসংগঠন যাতে কোনো ধরনের মিটিং, মিছিল বা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াতে না পারে, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক ও তৎপর রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানানো হয়।
0 মন্তব্য