উয়েফা নেশন্স লিগে অবশেষে জয়ের মুখ দেখল ইংল্যান্ড। স্পেনের কাছে ঘরের মাঠে হেরে আসর শুরু করা থমাস টুখেলের শিষ্যরা প্রাগের ফর্টুনা অ্যারেনায় ১০ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচে ইংল্যান্ডের হয়ে একটি করে গোল করেন অ্যান্থনি গর্ডন ও দলীয় অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচের ২৫ মিনিটেই বড় ধাক্কা খায় স্বাগতিক চেক প্রজাতন্ত্র। এলিয়ট অ্যান্ডারসনকে বিপজ্জনক ট্যাকল করায় তাদের অন্যতম সেরা ফুটবলার পাভেল সুলচ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ১০ জনের দলে পরিণত হওয়া চেকদের ওপর শুরু থেকেই চেপে বসে থ্রি লায়ন্সরা। প্রথমার্ধে মরগান রজার্সের শট পোস্টে লেগে ফিরে এলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ডেডলক ভাঙেন অ্যান্থনি গর্ডন। ম্যাচের ৪৭তম মিনিটে ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো একাদশে সুযোগ পাওয়া ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের দর্শনীয় ক্রসে অসাধারণ হেডে বল জালে পাঠান গর্ডন।
আর ম্যাচের ৬৯ মিনিটে স্বাগতিক ডিফেন্ডারদের ক্লিয়ার করতে না পারার সুযোগ কাজে লাগিয়ে জোরালো বাম পায়ের শটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন অধিনায়ক হ্যারি কেইন।
এই ম্যাচে সবচেয়ে বেশি নজর কেড়েছেন টুখেলের একাদশে ফেরা দুই ফুলব্যাক—ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড এবং লুইস হল। হলের ক্রস থেকে তো প্রায় আত্মঘাতী গোলই খেয়ে বসেছিল চেক প্রজাতন্ত্র, যদিও বল পোস্টে লেগে প্রতিহত হয়। বাঁ-প্রান্তে নিউক্যাসেল ইউনাইটেডের সাবেক সতীর্থ গর্ডনের সঙ্গে হলের রসায়ন ছিল চমৎকার।
0 মন্তব্য