আফগানিস্তানে সন্ত্রাসীদের দুটি আস্তানায় নির্ভুল বিমান হামলা চালানোর দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, ‘অপারেশন গাজাব লিল-হক’-এর আওতায় চালানো এসব হামলায় ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের দুটি স্থানে পরিকল্পিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয়। এসব হামলায় সন্ত্রাসীদের দুটি ক্যাম্প ও তাদের সহযোগী স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।
মন্ত্রণালয়ের দাবি, হামলায় সন্ত্রাসীদের ব্যবহৃত আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থল ধ্বংস হয়েছে। একই সঙ্গে সেখানে মজুত থাকা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদও ধ্বংস করা হয়েছে।
পাকিস্তানের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক প্রতিবেদনে ২২ জন সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ ও আঘাত হানার ক্ষেত্রে সর্বোচ্চ নির্ভুলতা নিশ্চিত করা হয়েছিল বলেও দাবি করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়।
আফগানিস্তান থেকে সন্ত্রাসের হুমকির অভিযোগ
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় বলেছে, দেশটি বরাবরই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে। তবে পাকিস্তানি নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।
মন্ত্রণালয়ের দাবি, আফগানিস্তান এখনো সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং পাকিস্তানের জন্য সন্ত্রাসের হুমকির উৎস আফগানিস্তান।
এই প্রেক্ষাপটে আফগান ভূখণ্ডে সক্রিয় সন্ত্রাসী ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই সর্বশেষ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।
হামলায় বেসামরিক মানুষের হতাহতের ঝুঁকি কমাতে এবং পার্শ্বক্ষয় এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছিল বলেও দাবি করেছে পাকিস্তান।
সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখার ঘোষণা
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘অপারেশন গাজাব লিল-হক’-এর আওতায় দেশটির সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বৃহত্তর ‘আজম-ই-ইস্তেহকাম’ উদ্যোগের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হচ্ছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দেশের ভেতরে সন্ত্রাসী হুমকি মোকাবিলায় কাজ করে যাচ্ছে বলেও দাবি করা হয়েছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, সন্ত্রাসী সংগঠন, তাদের নেটওয়ার্ক ও সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান এ কার্যক্রম চালিয়ে যাবে।
0 মন্তব্য