ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের পদত্যাগের পর এবার সহকারী প্রক্টরের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি আনুষ্ঠানিকভাবে সহকারী প্রক্টর পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
পোস্টে মোনামি জানান, শিক্ষকতা জীবনের সাত বছরে তিনি কখনো প্রশাসনিক দায়িত্ব নেওয়ার কথা ভাবেননি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করলেও প্রশাসনিক কোনো পদে আগ্রহ ছিল না তার। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট তৎকালীন প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদের প্রস্তাবে সহকারী প্রক্টরের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
তিনি লেখেন, নতুন বাংলাদেশের স্বপ্ন ও প্রত্যাশা থেকে দেশের জন্য এবং নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কাজ করার সুযোগকে সৌভাগ্য হিসেবে দেখেছিলেন। একই সঙ্গে বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে সাইফুদ্দীন আহমদের আহ্বানও তিনি ফিরিয়ে দিতে পারেননি। ফেসবুক পোস্টে সাইফুদ্দীন আহমদের নেতৃত্বের প্রশংসা করে মোনামি বলেন, গত দুই বছরে তিনি শিখেছেন কীভাবে একজন প্রক্টরকে ধৈর্য ধরে কাজ করতে হয়, উত্তপ্ত পরিস্থিতি শান্তভাবে সামাল দিতে হয় এবং আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালন করতে হয়।
তিনি আরও দাবি করেন, ক্ষমতা থাকা সত্ত্বেও সাইফুদ্দীন আহমদ শিক্ষার্থীদের প্রতি সহনশীল ও মানবিক ছিলেন। তার নেতৃত্বে প্রক্টরিয়াল টিমও শিক্ষার্থীদের প্রতি একই মনোভাব নিয়ে কাজ করার চেষ্টা করেছে।
নিজের দায়িত্ব পালনের মূল্যায়ন করতে না চাইলেও মোনামি বলেন, একজন অসাধারণ মানুষের নেতৃত্বে এবং একটি দক্ষ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
জুলাই ও পরবর্তী সময়ের পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রক্টর ও তার টিম সম্ভবত আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়নি এবং ভবিষ্যতেও নাও হতে পারে।
সবশেষে নতুন প্রক্টর ও তার টিমের সফলতা কামনা করেন তিনি।
0 মন্তব্য