হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মিজান মিয়া (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে নিজের পরিচয় গোপন করে ভারতে এক তরুণীকে বিয়ে এবং পরে তার নামে ব্যাংক ঋণ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ভারতীয় নারী স্বামীর খোঁজে বানিয়াচংয়ে এসে অবস্থান করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মিজান মিয়া ভারতে অবস্থানকালে নিজের বাংলাদেশি পরিচয় গোপন করেন। পরে খ্রিস্টান ধর্মাবলম্বী এক তরুণীকে ধর্মান্তরিত করে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, বিয়ের পর ওই নারীর নামে মোটা অঙ্কের ব্যাংক ঋণ নেন মিজান মিয়া। ঋণের অর্থ নেওয়ার পর তিনি ওই নারীকে রেখে বাংলাদেশে পালিয়ে আসেন বলে অভিযোগ উঠেছে।
এদিকে, ব্যাংক ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়তে থাকায় ওই নারী বিষয়টি নিয়ে বিপাকে পড়েন। একপর্যায়ে কথিত প্রতারক স্বামীর সন্ধানে তিনি বাংলাদেশে এসে বানিয়াচংয়ে অবস্থান নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী বর্তমানে মিজান মিয়ার খোঁজ করছেন। তার বানিয়াচংয়ে আসার বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে মিজান মিয়ার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ব্যাংক ঋণের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
0 মন্তব্য