ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসনের আলোচনায় এবার কয়েক বিলিয়ন ডলারের একটি তেল চুক্তিও যুক্ত হয়েছে। এই চুক্তিতে লাভবান হতে পারেন মধ্যপ্রাচ্যের কয়েকজন ব্যবসায়ী। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সম্পর্ক রয়েছে। শনিবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এনডিটিভি জানায়, প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও রাশিয়া সরকারের অনুমোদন পেলেই চুক্তিটি কার্যকর হবে। এর আওতায় রাশিয়ার জ্বালানি কম্পানি লুকঅয়েলের মালিকানাধীন বিশ্বের বিভিন্ন দেশের বিশাল তেলক্ষেত্র, তেল শোধনাগার ও জ্বালানি স্টেশন রয়েছে।
নিয়মিত অফিস সময়ের বাইরে এ বিষয়ে মন্তব্য জানতে হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও লুকঅয়েলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেয়নি।
পত্রিকাটি জানিয়েছে, এই চুক্তির জন্য কাজ করছে একটি দল। এতে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী ও ধনকুবের টড বোহলি। রয়েছেন মধ্যপ্রাচ্যের দুটি ব্যবসায়িক গোষ্ঠীও। এসব গোষ্ঠীর কুশনার বা উইটকফের পরিবারের সঙ্গে ব্যাবসায়িক সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থাও এই উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে জানেন এমন কয়েকজনের বরাত দিয়ে জানা গেছে, গত ৫ সেপ্টেম্বর ক্রেমলিনে উইটকফ ও কুশনারের সঙ্গে বৈঠকের সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তির কথা তোলেন।
বৈঠক সম্পর্কে জানা একজন ব্যক্তি বলেন, রুশ নাগরিকদের দেখানোর জন্য যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারে, সেই উদ্দেশ্যে চুক্তিটি সম্পন্ন করার প্রস্তাব দেন পুতিন।
0 মন্তব্য