কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ-সহিংসতার পরদিনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি গোপালগঞ্জে। গতকাল সোমবার নতুন করে কোনো বিক্ষোভ-সহিংসতার ঘটনা না ঘটলেও গোটা জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে বিবিসি জানিয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গতকাল নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশ, এপিবিএন, আরআরএফ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিরাপত্তা ও টহল কার্যক্রম জোরদার করেছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। এদিকে গোপালগঞ্জে চলমান বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, দেশের যেকোনো স্থানে জননিরাপত্তা বিঘ্নিত হলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতেও এর ব্যতিক্রম হবে না।
বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। গোপালগঞ্জের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গতকাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শের ভিত্তিতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছেন তাঁরা।
দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের উল্লেখযোগ্যসংখ্যকের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠ পর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও ধারণ ও নজরদারি করা হচ্ছে।
এদিকে আগামী বৃহস্পতিবারের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তাব্যবস্থা আরো জোরদার করতে আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
গতকাল দেখা গেছে, প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে শুরু করে সাধারণ মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় শিক্ষার্থীরাও নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। খুলেছে শহরের দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।
শহরের লঞ্চঘাট, চৌরঙ্গী, পুলিশ লাইনস মোড়, ঘোনাপাড়া মোড়, বেদগ্রাম মোড়, ডিসি অফিস, আদালত এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি ও পুলিশ সদস্যদের অবস্থান করতে এবং টহল দিতে দেখা গেছে। বিজিবির জনসংযোগ দপ্তর জানিয়েছে, বডি ওর্ন ক্যামেরাসহ ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। কাজের উদ্দেশ্যে বাইরে বের হওয়া রিকশাচালক সালাম মিয়া বলেন, ‘ভয়ে ভয়ে থাকলেও কাজ করে খেতে হবে। তাই বাইরে বের হতেই হবে। আমার মতো অন্যরাও বাইরে বের হয়েছেন। সবার তো পরিবার আছে।’
ঢাকা-খুলনা রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি বাস থেকে প্রতিষ্ঠানের নামসংবলিত স্টিকার তুলে ফেলার অভিযোগ উঠেছে। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের অ্যাকাউন্টস ম্যানেজার বিশ্বনাথ সরকার বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও পোস্টে দেখা গেছে, ওই এলাকার কয়েকজন যুবক তাঁদের বাস থামিয়ে যাত্রীদের হয়রানি করছেন। এ সময় বাসে লাগানো ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ লেখা স্টিকারও টেনে তুলে ফেলা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কারা, তা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
এদিকে খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। আট থেকে ১০ জন যুবক এ কাজ করেছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় পুলিশ বুথের সামনে এক প্রেস ব্রিফিংয়ে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘গতকালের তুলনায় আজ (সোমবার) পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। সকাল থেকে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন। পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার ফোর্স ও কর্মকর্তা মোতায়েন রয়েছে। সিনিয়র কর্মকর্তারাও মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করছেন।’
ডিআইজি বলেন, গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস প্যাট্রলিংসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা ও জেলার চারটি উপজেলায়ও নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। রবিবারের সহিংসতার ঘটনায় মামলা করার কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তিনি বলেন, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে না। বর্তমানে পুলিশের প্রধান লক্ষ্য জনজীবন স্বাভাবিক করা এবং জননিরাপত্তা নিশ্চিত করা।
আগামী বৃহস্পতিবারের লকডাউন কর্মসূচি প্রসঙ্গে ডিআইজি বলেন, যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।
গত রবিবার সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান, কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ এবং টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলীকে বদলি করা হয়েছে।
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুলল বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় : প্রায় দুই বছর বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় খুলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। গতকাল সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা সবাই পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে নেতাকর্মীরা এখানে বসতে পারেন।’ এ ব্যাপারে চেষ্টা করেও পুলিশ ও প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।
খুলনায় নিরাপত্তা জোরদার : খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে গত রবিবার রাতে পেট্রল বোমা নিক্ষেপ করার ঘটনার পর নগরীতে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। গতকাল সকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নগরীর শিববাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে যৌথভাবে মহড়া দিয়েছেন। তবে নগর ভবনে পেট্রল বোমা হামলার ঘটনায় কেউ আটক হয়নি। নগর প্রশাসক ঘটনার জন্য ফ্যাসিবাদের দোসররা জড়িত বলে মন্তব্য করেছেন।
0 মন্তব্য