এক পরিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬-এর একটি ধারাকে কেন্দ্র করে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার (৭ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেন। এর ফলে একই পরিবারের একাধিক সদস্যের সারের ডিলার হওয়ার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
সারের কৃত্রিম সংকট নিরসন এবং ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব ঠেকাতে আগের নীতিমালায় সংশোধন আনে সরকার। এর ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করা হয়।
নতুন নীতিমালার ৩(১১) ধারায় বলা হয়েছে, কোনো পরিবারের একজনের ডিলারশিপ বা যথাযথ কর্তৃপক্ষের দেওয়া খুচরা বিক্রেতার আইডি কার্ড থাকলে ওই পরিবারের অন্য কেউ ডিলারশিপ বা খুচরা বিক্রেতার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারবেন না।
নীতিমালায় ‘পরিবারের সদস্য’ বলতে পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, পুত্রের স্ত্রী, পুত্রের পুত্র ও তাদের স্ত্রী, অবিবাহিত কন্যা এবং একই খানায় খাদ্য গ্রহণকারী নির্ভরশীল ভাই-বোনকে বোঝানো হয়েছে।
এই ধারাকে চ্যালেঞ্জ করে ঠাকুরগাঁওয়ের রওশন আরা বেগম ও তার স্বামী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে গত ৫ অক্টোবর হাইকোর্ট ওই দম্পতির ক্ষেত্রে নীতিমালার ৩(১১) ধারার কার্যকারিতায় স্থিতাবস্থা দিয়ে রুল জারি করেন।
পরে হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত হাইকোর্টের স্থিতাবস্থার আদেশ স্থগিত করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আর রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইকরামুল হক টুটুল।
0 মন্তব্য