হামলার কারণে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা শুরুর ঘোষণা দেয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) থেকে নতুন টার্মিনাল ব্যবস্থায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে।
এএফপি খবর অনুযায়ী, এক্স পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ‘২৫ অক্টোবর থেকে কিং খালেদ বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদির এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।’
ইয়েমেনের হুথিরা রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে গত দুই সপ্তাহে একাধিকবার হামলা চালিয়েছে। এতে এই বিমানবন্দরে অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণ গেছে।
এমন পরিস্থিতিতেই রিয়াদ বিমানবন্দর চালু করতে যাচ্ছে দেশটি।
এদিকে, ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ ও দাম্মামের মোট ১৪১টি ফ্লাইট বাতিল করা হয়েছে। যার ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯৩৩ জন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে শুক্রবার ২৩ অক্টোবর রাত পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি ফ্লাইট এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট ছিল।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালামএয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। এসব যাত্রীদের বিভিন্ন গন্তব্যে ট্রানজিট নিয়ে রিয়াদ ও দাম্মাম যাওয়ার কথা ছিল। তবে স্ব স্ব দেশ থেকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকা থেকে কোনো যাত্রী বহন করেনি তারা।
0 মন্তব্য