রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
রবিবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুরখুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানায়, রবিবার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। বিষয়টি টের পেয়ে সোহেল মিয়া চিৎকার শুরু করেন। পরে পাশের মসজিদের ইমাম মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। পরে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে তাদের আটক করা হয়। সেখানে স্থানীয় লোকজনের গণপিটুনিতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে গঙ্গাচড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যান পুলিশ। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর ছবুর জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।
0 মন্তব্য