ইয়েমেনে তীব্র সামরিক অভিযানের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত ২৪ ঘণ্টায় পরিচালিত ৭৩৬টি অভিযানে ৩৩০৭ জন হুতি যোদ্ধা ও কমান্ডারকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে জানিয়েছে তারা।
এছাড়া এই সময়ে হুতিদের ৬৮টি সামরিক যান ও অস্ত্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের অভিযানের অংশ হিসেবে হুতিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশ, রসদ সরবরাহ রুট এবং অস্ত্র ডিপোগুলো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
তবে ‘নিষ্ক্রিয়’ বলতে ঠিক কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি সেনাবাহিনী। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হুতি গোষ্ঠীও।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তাইজ প্রদেশেও তীব্র লড়াই চলছে।
জানা যায়, তাইজে একটি পরিত্যক্ত হোটেলের ভেতর স্থাপন করা হুতিদের কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান ও অস্ত্রাগারে সফল বিমান হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনীর অভিযোগ, ওই হোটেলটিকে পর্যবেক্ষণ পোস্ট ও ফায়ারিং পজিশন হিসেবে ব্যবহার করে আসছিল হুতিরা। যেখান থেকে নিয়মিত আবাসিক এলাকায় হামলা চালানো হচ্ছিল এবং শহরটির ওপর অবরোধ বজায় রাখা হয়েছিল।
এই হুমকির মুখে ওই এলাকায় সুনির্দিষ্ট অভিযান চালিয়েছে সরকারি বাহিনী। বর্তমানে তাইজ শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও, এর গ্রামীণ ও উপকূলীয় অঞ্চলে হুতিরা কিছু এলাকা দখল করে নিয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বড় অংশ দখল করে নিলে ইয়েমেনে চরম গৃহযুদ্ধ শুরু হয়। এর পরদিন থেকেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সহায়তা করতে দেশটিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।
সূত্র: আনাদোলু এজেন্সি
0 মন্তব্য