রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি আত্মহত্যার ঘটনা।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে রমনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং রাত সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম জানান, সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে ওই ব্যক্তি নিজেই হাসপাতালের সিঁড়ি দিয়ে ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে তিনি পরপর তিনটি সিগারেট খান এবং কয়েকবার নিচে তাকান।
এর কিছুক্ষণ পরেই তিনি ছাদ থেকে নিচে লাফ দেন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসব সেখানকার সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, রাসেল মাদকাসক্ত ছিলেন এবং কোনো কাজকর্ম করতেন না। এর আগে তিনি একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) চিকিৎসাধীন ছিলেন। মাদক গ্রহণ ও পারিবারিক কলহের কারণে অনেক আগেই স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ ঘটে। তাদের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে। রাসেলের বাড়ি রাজধানীর কদমতলীতে।
পারিবারিক অশান্তি এবং স্ত্রী বিচ্ছেদের কারণে মানসিকভাবে ভেঙে পড়েই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা পুলিশের।
0 মন্তব্য