নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরী ও আশপাশের শিল্পাঞ্চলে স্বাভাবিক ছিল জনজীবন ও কর্মচাঞ্চল্য। সচল রয়েছে চট্টগ্রাম বন্দর, ইপিজেডসহ বিভিন্ন শিল্পকারখানা। স্বাভাবিক নিয়মেই চলেছে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার সকাল থেকে নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচলে উল্লেখযোগ্য কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। তবে চট্টগ্রাম বন্দর এলাকার কয়েকটি সড়কে যানবাহনের চাপ ও যানজট লক্ষ্য করা গেছে।
চট্টগ্রাম বন্দর, সরকারি-বেসরকারি তিনটি ইপিজেড, মীরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাগুলোতে যথারীতি উৎপাদন কার্যক্রম চলেছে। কোথাও কথিত লকডাউন কর্মসূচির দৃশ্যমান কোনো প্রভাব দেখা যায়নি।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কর্মসূচি প্রচার করা হলেও বাস্তবে এর কোনো প্রতিফলন চোখে পড়েনি। নগরীর কোথাও দলটির নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা কিংবা কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষের মধ্যেও এ কর্মসূচি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি।
এদিকে, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তাদের অবস্থান করতে দেখা গেছে।
বিএনপির নেতাকর্মীরা বলেন, বিগত দেড় দশকের শাসনামলে আওয়ামী লীগের দুঃশাসন ও মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। তারা দেশের স্থিতিশীলতা বজায় রাখা এবং যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার আহ্বান জানান।
সব মিলিয়ে আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউন কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামে কোনো অচলাবস্থা তৈরি হয়নি। বন্দরনগরীর শিল্প, বাণিজ্য, পরিবহন ও সামগ্রিক জনজীবন ছিল স্বাভাবিক।
0 মন্তব্য